শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

আজ বিজয় আনন্দ বুকে নিয়ে চূড়ান্ত বিজয়ের অপেক্ষা , রাজাকার মুক্ত বাংলাদেশে বিজয় দিবস উদজাপনের অপেক্ষা

একজন , দুইজন , তিনজন করে ধীরে ধীরে পঞ্চাশজন - একশজন
একটি দাবি , রাজাকারের ফাঁসি -একটি স্লোগান , জয় বাংলা
এরপর ? এরপর সে তো ইতিহাস ! শাহবাগ চত্বরে প্রজন্মের নবজাগরণ
রক্তভেজা বাংলার হৃদয়ে নতুন এক শিহরণ , নতুন এক আশার পদধ্বনি
এদেশের দামাল সন্তানেরা যে এখনও হারিয়ে যায় নি !
ব্যানারে - প্ল্যাকার্ডে , স্লোগানে - স্লোগানে মুখরিত শাহবাগ ,
তারই সাথে আজ নবচেতনার নব জয় জয়কার ।
"একটাই দাবি -ফাঁসি , ফাঁসি /আর কোন দাবি নাই , রাজাকারের ফাঁসি চাই"
প্রতিজ্ঞায় জাগ্রত তরুন প্রানের দীপ্ত পদচারনায় মুখরিত আমার শাহবাগ ।

স্মৃতিতে ৭১ , জেগে আছে বায়ান্ন , বাষট্টি , উনসত্তর
একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিসেনার হাতের উদ্যত গ্রেনেডের মত
বায়ান্নর রাজপথে মিছিলে স্লোগান দেয়া বোনটির মত
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মত , ছয় দফা আন্দোলনের মত
বঙ্গবন্ধুর কণ্ঠের প্রতিজ্ঞাবদ্ধ "জয় বাংলা " ধ্বনির মত আবার জেগেছে বাংলাদেশ
জেগেছে কোটি তরুন প্রাণ , প্রাণের দাবি আজ এসে মিলেছে শাহবাগের মোহনায়।
বাংলার মাটিকে রাজাকার মুক্ত করতেই হবে , জাগরন আজ এই চেতনায় ।
মায়ের হাত ধরে শাহবাগে এসেছে লাল - সবুজ পতাকা হাতে ছোট্ট কিশোরী
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এসেছেন প্রতিবাদের বহ্নিশিখা হয়ে
পাঁচ বছরের শিশুটিও বাবার কোলে চড়ে শাহবাগে চলে এসেছে দাবি জানাতে!
বীরাঙ্গনা মা এসেছেন বিয়াল্লিশ বছর পর একটি ন্যায়বিচার পাওয়ার দাবিতে,
স্লোগান দিতে দিতে শান্ত নামক ছেলেটির জীবন শেষ হয়েছে মৃত্যুতে !
আপামর জনতা আজ শাহবাগে সমবেত রাজাকারের ফাসির দাবিতে।

কিন্তু চুপ করে বসে নেই এদিকে একাত্তরের সেই ঘাতকেরাও -
আজ বিয়াল্লিশ বছর পর , তারা শিকড় ছড়িয়ে ফেলেছে অনেক দূর পর্যন্ত
একাত্তরের সেই কূটকৌশল আবার প্রয়োগ করতে দেরি হয়না তাদের ।
রাতের নিস্তব্ধ অন্ধকারে আঘাত হানে ঘাতকের নির্মম অস্ত্র
পরে থাকে শাহবাগ আন্দোলনের অকুতোভয় সৈনিক রাজীব হায়দারের লাশ ।
বুয়েটে পড়ত দীপ নামের সেই ছেলেটি , শাহবাগের প্রথম প্রহরে যে লিখেছিল -
"এই পথে আজ জীবন দেব , রক্তের বদলা ফাঁসি নেব । "
আক্ষরিক অর্থেই এই পথে জীবন দিতে হয় দীপকে , রক্তাক্ত দীপ !
উত্তাল শাহবাগের স্লোগান দাতা আরিফ নূর , রাতের অন্ধকারে আক্রান্ত হন তিনিও
ঘাতকের আক্রমনের শিকার হন একে একে তুহিন , তন্ময় , রুহুল আমিন।
পতাকা হাতে রাজাকারের ফাসির দাবির মিছিলের নেতৃত্ব দাতা জগতজ্যোতিদা
কিংবা সেই অকুতোভয় লিফট ম্যান জাফর মুন্সি
রক্তের বন্যায় আরও প্রবল , আরও তীব্র হয়ে ওঠে প্রজন্ম চত্বরের আন্দোলন ।
কারন এ প্রজন্ম একাত্তরের প্রজন্ম , শাহবাগ মাথা নোয়াতে জানে না ।

এরপর একে একে আসতে থাকে সুসংবাদ - আসতে থাকে রাজাকারের ফাসির রায়
শাহবাগের জনতার আন্দোলনের আর রক্তের ফসল হয়ে আসতে থাকে রায়গুলো
সাইদি , কামরুজ্জামান , মুজাহিদ - এক সময় বাতিল হয় জামাতের নিবন্ধন ও।
কিন্তু তখন ও যে আরেকটি রায়ের জন্য প্রবলভাবে অপেক্ষা করছে শাহবাগ
হ্যা , সেই কাদের কসাই এর রায় - সেই কুলাঙ্গার খুনি কাদের কসাই এর রায়
যার হাতে বিজয় চিহ্ন সহ্য করতে না পেরে জন্ম হয়েছিল শাহবাগের
৫ ফেব্রুয়ারিতে যে কসাই এর রায় কে অস্বীকার করে প্রজন্মের এ জাগরন
সেই রায়ের জন্য অপেক্ষা , স্লোগান , মিছিল , মীটিং -অপেক্ষা , শুধুই অপেক্ষা!

অবশেষে ১৭ ই সেপ্টেম্বর ,২০১৩ -পার হয়ে গেছে আন্দোলনের দীর্ঘ সাত মাস
কত রক্ত , কত মৃত্যু , কত আঘাত , কত বিসর্জন অতিক্রম করে জাগ্রত শাহবাগ
কত অপেক্ষার অবসান ঘটানোর জন্য সেদিন অপেক্ষমান শাহবাগ ।
অবশেষে সেই ঐতিহাসিক রায় , জনতার বিজয়ের রায় , শাহবাগের বিজয়ের রায়
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বাঙ্গালিদের বিজয়ের রায়
জামাত - শিবিরের বিরুদ্ধে শাহবাগের বিজয়ের রায়
সব বাধা অতিক্রম করে জয় বাংলার বিজয়ের রায়
অবশেষে কাদের কসাই এর ফাসির রায় ।
অবশেষে শাহবাগের হাতে বিজয় চিহ্ন তোলার রায়
দীর্ঘ সাত মাসের আন্দোলনের বিজয় ঘোষণার রায়
কসাই এর হাতের বিজয় চিহ্নকে পদদলিত করার রায়
গনজাগরন মঞ্চের বিজয়ের রায়  শাহবাগের বিজয়ের রায়
রাজীব - দীপ - শান্ত - জগতজ্যোতিদার বিজয়ের রায়
তুহিন - তন্ময় - আরিফ নূরের বিজয়ের রায়
জয় বাংলার বিজয়ের রায় , মুক্তিযুদ্ধের বিজয়ের রায় , কসাই এর ফাসির রায় ।

এখন আর নেই কোন আপিলের সুযোগ , শুধুই ফাঁসির দিন গননা
কসাই এর কবর স্বাধীন বাংলার মাটিতে হবে না , সৈনিকেরা ভুলে যেওনা !
আজ বিজয় আনন্দ বুকে নিয়ে চূড়ান্ত বিজয়ের অপেক্ষা
কাদের কসাই এর ফাসি হয়েছে এই বিজয় ধ্বনি শোনার অপেক্ষা ।
রাজাকার মুক্ত বাংলাদেশে বিজয় দিবস উদজাপনের অপেক্ষা ।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

1 টি মন্তব্য: