শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

আমার সোনার বাংলা,আ মি তোমায় ভালোবাসি।

শ্রাবন্তী মেঘের কারুকার্য ছেয়ে ফেলেছিল তোমার আকাশটিকে।আকাশজুড়ে জমা হয়েছিল ঘন কাল মেঘমালা। একসময় তারা ঝরে পরেছিল অঝোরে বৃষ্টি হয়ে।সেই বৃষ্টি, বিধাতার আশীর্বাদ হয়ে এসেছিল কাঠফাটা রৌদ্রের পরে। এক নবযৌবন লাভ করেছিল তোমার প্রকৃতি।এ বৃষ্টিকে দেখে নতুন ফসলের আশায় বুক বেঁধেছিল কৃষাণ। কবি রচনা করেছিল নতুন কোনও কবিতা। কোথাও হয়ত একটি একাকী কিশোরী বালিকা লুকিয়ে লুকিয়ে ছাদে উঠে গিয়েছিল বৃষ্টিতে ভিজতে।অবাক হয়ে ...বিস্ময় ভরে তোমার সে রুপ দেখেছিলাম জানালার গরাদ ভেদ করে। আর নিজের মনেই বলেছিলাম, ভালবাসি।

অপরুপ রোদ্দুরে স্নান করা প্রকৃতি নিয়ে উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত ছিলে তুমি। কাকের চোখের মত কালোচুল এলিয়ে রাঙা উৎপলকে তোমার উপমা হিসেবে ব্যাবহার করে গেছেন কবি।কৃষ্ণচূড়ার লালে পুরো শরীর আবীর রাঙ্গা করে পৃথিবীর মানচিত্রে তুমি গৌরবের হাসি হাসছ। বসন্তের ছোঁয়া লেগেছিল তোমার প্রকৃতিতে। শীতের বৈরাগ্যের পর পরই বসন্তের পুস্পশোভিত ডালি নিয়ে সারা বিশ্বকে তুমি যেন জানিয়ে দিচ্ছ তোমার গৌরবময় উপাখ্যান। স্নেহময়ী তোমার সেই মাতৃরুপ আমি দেখেছি একান্ত অনুভবে। আর অন্তর থেকে উচ্চারন করেছি, ভালবাসি।

তোমার রক্তেভেজা ইতিহাসের পাতা উল্টে যেতে গিয়ে দেখেছি রক্তের লাল ছোপ মাখা চারদিকে। বায়ান্নতে মাতৃভাষার জন্য, উনসত্তরের গণঅভ্যুত্থানে, একাত্তরের মুক্তিযুদ্ধে কিংবা শাহবাগে,রক্তের মূল্যে তোমার লাল সবুজের বিজয় দেখেছি আমি বারবার। একাত্তরের ইতিহাসের পাতা পড়তে গিয়ে পেয়েছি শোককে শক্তি করে তোলার দুর্বার সাহস। মা জাহানারা ইমামের আন্দোলন থেকে পেয়েছি সুস্পষ্ট পথ নির্দেশ। তোমার ইতিহাস আমাকে প্রতি মুহূর্তে সাহস দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। আর সেই শক্তিকে সম্বল করেই শাহবাগ প্রজন্ম চত্বরে বিনিদ্র রজনী যাপন করেছি স্লোগানে স্লোগানে। আদায় করেছি কাদের কসাইয়ের ফাসি। জয় বাংলার ভাষায় তোমাকে বলেছি, ভালবাসি।

বিজ্ঞানে, প্রযুক্তিতে, খেলাধুলায় তোমার সাফল্য দেখে "বাংলাদেশ, বাংলাদেশ" বলে চিৎকার করেছি বারবার। তোমার কৃতী সন্তানদের হাতে পাটের, ছত্রাকের জিনোম রহস্য আবিষ্কার হতে দেখেছি। ড্রোন আবিষ্কার হতে দেখেছি। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে তোমার সন্তানদের হাতে রৌপ্য পদক দেখেছি, স্বর্ণপদক দেখেছি।এভারেস্টের চুড়ায় উড়তে দেখেছি লাল সবুজ পতাকা। মহাকাশের রহস্য উন্মোচনের যাত্রায় তোমার মেয়েকে অকুতোভয়ে নাম লেখাতে দেখেছি। পরম শ্রদ্ধায় স্যালুট জানিয়েছি তোমার লাল সবুজের পতাকাকে আর বুকের ভেতর থেকে চিৎকার করে বলেছি, ভালবাসি।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন